মালিকের পর রহমতের ব্যাটে আফগানিস্তানের জবাব, বাংলাদেশের হতাশার দিন

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির স্বাদ পেলেন আফগানিস্তানের ওপেনার আব্দুল মালিক। দলটির হয়ে এই সংস্করণে সবচেয়ে সফল ব্যাটার ও অধিনায়ক রহমত শাহ সপ্তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সুবাস পাচ্ছেন তিন অঙ্কের। দুজনের দারুণ ইনিংসের কারণে আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশ কাটাল হতাশায়।

শনিবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান তুলে দিনের খেলা শেষ করেছে আফগানরা। হাতে ৬ উইকেট নিয়ে তারা পিছিয়ে আছে ১৩৫ রানে। মালিক ও রহমতের নৈপুণ্যে লিড পাওয়ার ভালো আশা জাগিয়েছে দলটি।

১৮৬ বলে আটটি চার ও একটি ছয়ে ৮৪ রানে ব‍্যাট করছেন রহমত। তার সঙ্গে ১৯৪ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত থাকা ইকরাম আলীখিলের সংগ্রহ ৯১ বলে তিনটি চারে ২৬ রান। মালিক আউট হওয়ার আগে চারটি চার ও একটি ছক্কায় ১২০ বলে ৬২ রান করেন।

বাংলাদেশের হয়ে ইবাদত হোসেন ৫০ রান খরচায় নেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম ও নাঈম হাসানের উইকেটের ঝুলি এখনও শূন্য।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৯২.৩ ওভারে ৩৪৬ রানে। ২ উইকেট হাতে নিয়ে দিনের খেলা শুরু করেছিল তারা। অলআউট হওয়ার আগে ৮.৩ ওভার খেলে আর ২৯ রান যোগ করে তারা।

৪৫ ওভারে ২ উইকেটে ১৩১ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল আফগানরা। এরপর তৃতীয় সেশনের প্রথম ওভারেই কট বিহাইন্ড করে মালিকের প্রতিরোধ ভাঙেন ইবাদত। সামান্য বাউন্স করা বলে মালিকের টাইমিং ঠিকঠাক হয়নি। ডাইভ দিয়ে ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন দাস।

পরের ওভারে হাশমতউল্লাহ শহীদি স্টাম্পড হন মিরাজের চমৎকার ডেলিভারিতে। ২ বল খেলে শূন্য রানে ফেরেন শহীদি। বাঁক খাওয়া বলের লাইন মিস করে ক্রিজের বাইরে চলে যান তিনি। বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভেঙে দেন লিটন।

৫ রানের মধ্যে দারুণভাবে ২ উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ জাগায় লড়াইয়ের নিয়ন্ত্রণ নেওয়ার আশা। কিন্তু দিনের বাকিটা সময় তাদের কাটে আক্ষেপে। পঞ্চম উইকেট জুটিতে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিচ্ছেন দুই আফগান ব্যাটার রহমত ও আলীখিল।

Related Articles

Latest Posts