বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) চলছে একের পর এক গোল উৎসব। আসরের তৃতীয় রাউন্ডে জাল কাঁপানো ফুটবলের এক অনবদ্য প্রদর্শনী দেখলেন দেশের ফুটবলপ্রেমীরা।
শনিবারের শেষ দুটি ম্যাচেই দেখা মিলেছে বিশাল স্কোরলাইনের। এক ডজন পার করে গোল এসেছে মোট ১৪টি!
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তরুণ দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৮-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
পুলিশ এফসির জয়ে ঝলক দেখান সেনেগালিজ ফরোয়ার্ড রাসুল বা। তিনি তুলে নেন দারুণ এক হ্যাটট্রিক। জোড়া গোলের দেখা পান এমএস বাবলু। কোচ আসিফুজ্জামানের শিষ্যদের হয়ে বাকি গোল তিনটি করেন মানিক মোল্লা, শামীম আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে পুলিশ এফসি। তাদের জালে এখন পর্যন্ত প্রবেশ করেনি কোনো বল।
আর লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আরামবাগের বিপক্ষে সমান দাপট দেখিয়েছে শিরোপা প্রত্যাশী মোহামেডান। এই মৌসুমে কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভ্যারেলার অধীনে খেলা দলটি মাঠে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিক করে সামনে থেকে নেতৃত্ব দেন। সাদা-কালোদের হয়ে বাকি গোল তিনটি করেন শাহরিয়ার ইমন, মিনহাজুর আবেদীন রাকিব ও সৌরভ দেওয়ান।
এর আগে শুক্রবারের ম্যাচগুলোতে হয়েছিল ১৮টি গোল। সব মিলিয়ে তৃতীয় রাউন্ডের মাত্র ৬ ম্যাচেই ৩২টি গোলের দেখা মিলেছে! ম্যাচপ্রতি গোলের গড় ৫.৩৩টি!
দুই দিনে অনুষ্ঠিত ম্যাচগুলোতে হ্যাটট্রিকের দেখা মিলেছে তিনটি। আগের দিন ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে সাব্বির হোসেনের হ্যাটট্রিকের পর শনিবার গোল উৎসবের মঞ্চে হ্যাটট্রিক তুলে নেন রাসুল ও দিয়াবাতে।

