ক্রিটিকস চয়েজে সেরা সিরিজ চরকির ‘ফেউ’

ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিকস বিভাগে সেরা চলচ্চিত্র, নাটক বা সিরিজের পুরস্কার জিতেছে চরকির অরিজিনাল সিরিজ ‘ফেউ’।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এ পুরস্কার তুলে দেন।

সুন্দরবনকে ঘিরে নির্মিত অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক গল্পের এই সিরিজের সাফল্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে ইতিহাসভিত্তিক গল্প বলার প্রতি দর্শক ও সমালোচকদের আগ্রহের প্রতিফলন।

সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত সাত পর্বের সিরিজটিতে পশ্চিমবঙ্গের ১৯৭৯ সালের মরিচঝাঁপি গণহত্যার ভয়াবহ স্মৃতি তুলে ধরা হয়েছে। এতে ‘ডুমুরঝাঁপি’ নামে একটি কাল্পনিক দ্বীপের গল্প বলা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় সহিংসতা ও রাজনৈতিক প্রতারণায় গোটা আবাসস্থল ধ্বংস হয়ে যায়।

গল্পটি দর্শকদের ভিন্ন দুটি সময়ের মধ্য দিয়ে নিয়ে যায়, যার একটি ১৯৭৯ সালের, অন্যটি ২০০২–এর। এতে এক ছেলে তার প্রয়াত ধর্মযাজক বাবার তুলে রাখা কিছু ছবির সন্ধানে নামে। সেই অনুসন্ধানের মধ্য দিয়ে সুন্দরবনের রহস্যময় প্রেক্ষাপটে বিদেশি গুপ্তচরবৃত্তি, স্থানীয় ক্ষমতাবানদের দুর্নীতি ও সামরিক অবরোধের জটিল চিত্র প্রকাশ্যে আসে।

সিরিজটির নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে পরিচালক ধীমান বলেন, ‘সুন্দরবনকে ঘিরে অনেক গল্প, পুরাণ, কিংবদন্তি ও স্থানীয় উপকথা রয়েছে। তবে আমি এই অঞ্চলের রাজনীতি নিয়ে কাজ করতে চেয়েছি।’

‘ফেউ’ নির্মাণে দীর্ঘ ও শ্রমসাধ্য সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে নির্মাতাদের। বাস্তব ঘটনা এবং মোংলা নিয়ে ধীমানের প্রত্যক্ষ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চিত্রনাট্যটি তৈরি করা হয়। পাঁচ বছরের নিবিড় গবেষণায় চিত্রনাট্যের ১৭টি খসড়া তৈরি করা হয়েছিল। ২০২২ সালের শেষ দিকে এটি চূড়ান্ত হয়।

সেরা সিরিজের পুরস্কার জেতার পাশাপাশি ক্রিটিকস বিভাগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘ফেউ’। এর মধ্যে ছিল সেরা পরিচালক, সেরা অভিনেতা (পুরুষ), সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) ও সেরা সম্পাদনা।

এ স্বীকৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এক বিবৃতিতে বলেছে, চরকির অরিজিনাল সিরিজ ‘ফেউ’ ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ মনোনয়ন পাওয়ায় আমরা সম্মানিত ও আনন্দিত। ‘ফেউ’ দলের পক্ষ থেকে এই স্বীকৃতি অর্জনে যারা ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার নিষ্ঠা, আবেগ ও কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে।

Related Articles

Latest Posts