তুরস্কের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন দেশটি সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্র, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিও উপস্থিত ছিলেন।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান এবং এ প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকার প্রশংসা করেন।

শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে জামায়াতের ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্ট স্পিকারকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান শফিকুর রহমান। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান।

এ ছাড়া অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে জামায়াতের গাজীপুর সিটি করপোরেশন মেয়র প্রার্থী হাফিজুর রহমান ও চিকিৎসক এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts