আশুগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর চারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, চর চারতলা গ্রামের কেছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতরাত ১০টার দিকে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কেছকির বাড়ির আল-আমিনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জেরে ওই দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তারা টর্চলাইট জ্বালিয়ে একে অপরকে ধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Related Articles

Latest Posts