প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন যে ১৮ জনের

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য সারা দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন, বিশেষ করে ঢাকায় পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে।

তিনি বলেন, ‘সাব-রেজিস্ট্রারদের জন্য ঢাকায় পদায়নকে প্রাইজ পোস্টিং হিসেবে বিবেচনা করা হয়। তাই ঢাকা থেকে শুরু করে এ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছি।’

লটারিতে নির্বাচিত ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সাতক্ষীরা সদর), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (চুয়াডাঙ্গা সদর), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (কুষ্টিয়া সদর), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনীন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (পাঁচবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (মুন্সীগঞ্জ সদর), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (যশোর সদর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন, আর প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, অন্যান্য যেসব পদায়নকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোর ক্ষেত্রেও সরকার ধীরে ধীরে একই ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করবে।

নির্বাচিত কর্মকর্তারা কতদিন ঢাকায় থাকবেন জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী যতদিন অনুমোদিত এবং যতদিন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, ততদিন ঢাকায় থাকবেন।

‘যারা দুর্নীতিতে জড়িত, তাদের রাখা হবে না,’ যোগ করেন তিনি।

Related Articles

Latest Posts