ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে যখন নানা আলোচনা, তখন তার পাশে দাঁড়ালেন ব্রুনো ফার্নান্দেজ। ডেনমার্কের বিপক্ষে একাদশে থাকছেন না, এ কথা জানার পর দল ছেড়ে যাওয়া রোনালদোকে নিয়ে সতীর্থের সাফ কথা, যা-ই ঘটুক, পর্তুগাল ফুটবলে তার জায়গা কেউ নিতে পারবে না। দেশের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক হিসেবেই থাকবেন রোনালদো।
ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে রোনালদোকে শুরু থেকে খেলাবেন না বলে কোচ জর্জ জেসুস জানান। এরপর বুধবার দল ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এই তারকা। রোনালদোকে ছাড়াই ম্যাচটি ৪-২ গোলে জেতে পর্তুগাল। এরপর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফার্নান্দেজ বলেন, ‘ক্রিস্তিয়ানোর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে আমি যা বলেছি, এখানেও সেটাই বলছি, যাই ঘটুক না কেন, ক্রিস্তিয়ানো রোনালদো কখনোই আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং আমাদের দেশের সবচেয়ে বড় প্রতীক হওয়া থেকে সরে যাবে না। পর্তুগালের জন্য সে যা করেছে, শুধু দেশে নয়, সারা বিশ্বে যা করেছে, তার জন্যই সে এই জায়গার দাবিদার।’
রোনালদোর দল ছাড়ার ঘটনায় পর্তুগালের ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে মতভেদ। কেউ রোনালদোর সিদ্ধান্তকে সমর্থন করছেন, কেউ আবার সমালোচনা করছেন। এমন পরিস্থিতিতে বিভাজন না বাড়িয়ে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন ফার্নান্দেজ।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘সে শুধু সর্বকালের সেরাদের মধ্যে নয়, সব পর্তুগিজ মানুষের হৃদয়েও তার জন্য একটি বিশেষ জায়গা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বিভাজন তৈরি করা বন্ধ করতে হবে।’
জাতীয় দলের ভেতরে কোনো বিভাজন নেই বলেও স্পষ্ট করেছেন ফার্নান্দেজ, ‘জাতীয় দলে কোনো বিভাজন নেই। আমরা একটি দল এবং একটি দল হিসেবেই থাকব। বাইরে থেকে যত কথাই আসুক না কেন, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।’
রোনালদোকে ঘিরে দেশের মানুষ যেন পক্ষ-বিপক্ষে ভাগ হয়ে না যায়, সেই অনুরোধও করেছেন ফার্নান্দেজ, ‘আমরা এই বিতর্কের বাইরে আছি। আমি শুধু চাই, দেশ যেন বিভক্ত না হয়, কেউ পক্ষ বেছে না নেয়। সবাই যেন সব পক্ষকে সম্মান করে। একই সঙ্গে ক্রিস আমাদের জাতীয় দলের সবচেয়ে বড় আইকন এবং সে সবার সম্মান পাওয়ার যোগ্য, কে তাকে বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, সেটি এখানে গুরুত্বপূর্ণ নয়।’
রোনালদোকে ছাড়া পর্তুগাল অবশ্য শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। ডেনমার্কের আগে নরওয়ের মাঠ থেকেও জয় নিয়ে ফিরেছে তারা। রোববার আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল।

