‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই’

ম্যাচ শেষ, আর্জেন্টিনার জয়ও নিশ্চিত। কিন্তু মনুমেন্তালের আলোচনায় তখনও ঘুরেফিরে একজনই, লিওনেল মেসি। বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কথা বললেন দলের পারফরম্যান্স নিয়ে, এড়িয়ে গেলেন নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। তবে মেসির বিদায় প্রসঙ্গে আর নিজেকে থামাতে পারলেন না তিনি। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আগে মেসির উত্তরাধিকার নিয়ে বললেন, সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।

বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তরুণদের সুযোগ দেন স্কালোনি। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘প্রথমার্ধটা ভালো ছিল। আমরা ম্যাচটাকে বেশ গুরুত্ব দিয়েই নিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে বদলি নামিয়ে তরুণদের, বিশেষ করে যারা অভিষেক করেছে, তাদের কয়েকজনকে সময় দিয়েছি। তাদের মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। সব মিলিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি।’

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও দলের মানসিকতা নিয়ে সন্তুষ্ট স্কালোনি, ‘এ ধরনের ম্যাচ থেকেও সবসময় শেখার কিছু থাকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, ছেলেরা ম্যাচটাকে কখনো হালকাভাবে নেয়নি। আমরা এগিয়ে থাকার পরও তাদের মনোযোগে কোনো ঢিলেমি ছিল না।’

তিনি আরও বলেন, ‘কখনো কখনো এমন ম্যাচ আসে, যেগুলো খেলা খুব আনন্দের নয়। কিন্তু সবাইকে একইভাবে খেলতে হয়। মানুষ টিকিট কিনে মাঠে এসেছে, তাই তাদের, প্রতিপক্ষকে এবং জাতীয় দলের জার্সিকে আমাদের সম্মান করতে হবে।’

নভেম্বরে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন স্কালোনি। তবে প্রতিপক্ষ বাছাইয়ের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, সেটিও স্বীকার করেছেন তিনি, ‘আমি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। তবে আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। যারা খেলতে রাজি এবং যাদের পাওয়া যাবে, তাদের নিয়েই আমরা ভাবছি।’

তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে মেসিকে নিয়ে প্রশ্নে। মঙ্গলবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি, এমন উপলক্ষের আগে মনুমেন্তাল যেন আবেগে ভাসছে।

স্কালোনি বলেন, ‘মনুমেন্তাল যদি পাঁচটা থাকত, পাঁচটিই পূর্ণ হয়ে যেত। চারদিক থেকে আমি বার্তা পেয়েছি। মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু মুহূর্তটা উপভোগ করার বাকি।’

মেসির বিদায়ের পর যে শূন্যতা তৈরি হবে, সেটিও অনুভব করছেন আর্জেন্টিনা কোচ, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে চলে যাওয়ার পর সেটাই থাকবে। আর সে এখানে থাকবে না। আমার মনে হয়, সবাই আবেগপ্রবণ হয়ে পড়বে। মেসিও হবে। যেদিন সে মনুমেন্তালের মাঠে পা রাখবে, সেদিনটা সবার জন্যই অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পারছি, এটাই আমার জন্য কৃতজ্ঞতার।’

মেসির সঙ্গে আর মাত্র দুটি অনুশীলন সেশন বাকি বলেও জানালেন স্কালোনি, ‘আমাদের সঙ্গে তার আর দুটি অনুশীলন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা সেটা উপভোগ করব।’

তবে মেসির উত্তরাধিকার নিয়ে স্কালোনির বক্তব্য ছিল আরও গভীর। তার মতে, মেসির সবচেয়ে বড় পরিচয় শুধু তার অসংখ্য গোল কিংবা শিরোপা নয়; বরং প্রতিদিনের প্রস্তুতি ও ফুটবলের প্রতি তার নিবেদন।

কোচের ভাষায়, ‘তার উত্তরাধিকার হলো, সবসময় সেখানে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে অনুশীলনে আসত এবং সবার শেষে বের হতো। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার ধরন, এসব বিষয় অনেকের চোখে পড়ে না। কিন্তু তার সতীর্থরা এগুলো দেখেছে। সে হতে পারে সবার জন্য সবচেয়ে বড় উদাহরণ।’

এরপরই মেসিকে নিয়ে নিজের অনুভূতিটা আরও স্পষ্ট করেন স্কালোনি, ‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে, খেলতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা অনন্য। ফুটবল মাঠে সে যে অনুভূতি ছড়িয়ে দেয়, এমন কিছু আমি আর কারও মধ্যে দেখিনি। এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

সবশেষে অবশ্য মেসির বিদায়ের আবেগের মাঝেও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বাস্তব কথাটাই বলেছেন স্কালোনি, ‘আর্জেন্টিনা জাতীয় দল চলতেই থাকবে।’
 

Related Articles

Latest Posts