সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমাকে পাহাড়ে বেঁধে রাখা হয়: আমিন খান

১৯৯৩ সালের ১ অক্টোবর মুক্তি পায় আমিন খান অভিনীত প্রথম সিনেমা ‘অবুঝ দুটি মন’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় দুইশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। ঢালিউডের শীর্ষস্থানীয় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। ৩৩ বছর আগে মুক্তি পাওয়া ‘অবুঝ দুটি মন’ সিনেমা ও সেই সময়ের স্মৃতি নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আমিন খান।

তিনি বলেন, দেখতে দেখতে আমার প্রথম সিনেমা মুক্তির ৩৩ বছর হয়ে গেল। এখনো বিশ্বাস করতে পারছি না, কীভাবে সময় এত দ্রুত কেটে গেল। স্বপ্নের মতো লাগে। সময়ের কাছে আমরা কতটা অসহায়, তেমনই মনে হয়।

আমিন খান বলেন, ৩৩ বছর আগে মুক্তি পাওয়া সেই প্রথম সিনেমার কথা আমি যেমন মনে রেখেছি, দর্শকরাও মনে রেখেছেন। এখনো দর্শকরা ওই সিনেমার কথা বলেন। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

প্রথম শুটিংয়ের স্মৃতিচারণ করে এই চিত্রনায়ক বলেন, শুটিং করেছিলাম চন্দ্রিমা উদ্যানে। সেদিন দৃশ্যটি প্রথম টেকেই হয়ে গিয়েছিল। দৃশ্যটি ছিল—আমি ভোরবেলা হাঁটছি। খুব সহজ একটি দৃশ্য। পরিচালক সহজ দৃশ্য দিয়েই শুরু করেছিলেন, যেন আমিও সহজভাবে কাজটি করতে পারি।

তিনি আরও বলেন, প্রথম যেদিন এফডিসিতে গিয়েছিলাম, তখন ডিসেম্বর মাস। একটা বেবিট্যাক্সিতে করে গিয়েছিলাম। বুকে সাহস আর আত্মবিশ্বাস নিয়ে সেই যে গেলাম, এরপর তো সিনেমারই একজন হয়ে গেলাম। সিনেমার প্রতি আমার ভালোবাসা এখনো আগের মতোই আছে।

 

আমিন খান বলেন, ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমার প্রথম শুটিং শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় পরের বছর, ১৯৯৩ সালের ১ অক্টোবর। মুক্তির দিন আমি, মারুফ ও নাদির—আমরা তিন বন্ধু সনি সিনেমা হলে ‘অবুঝ দুটি মন’ দেখেছিলাম। আমার পরিবারের সদস্যরা ও আত্মীয়রা অন্য হলে দেখেছিলেন। সনি সিনেমা হলে গিয়ে দেখি প্রচুর দর্শক। এত মানুষের ভিড় দেখে মুগ্ধ হয়েছিলাম। খুব ভালো লেগেছিল।

প্রথম শো দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রথম শো দেখার পর অন্যরকম ভালো লাগা ও ভালোবাসা কাজ করেছিল। তখনই মনে হয়েছিল, আমি পারব, আমাকে দিয়ে হবে। এরপর এক সপ্তাহের মধ্যেই সারাদেশের দর্শকরা সিনেমাটিকে ভালোবাসায় সিক্ত করেন। আমার নামও ছড়িয়ে পড়ে। এভাবেই ঢাকাই সিনেমার নায়ক হয়ে যাই।

অভিনয়জীবনের একটি স্মরণীয় ঘটনার কথাও জানান আমিন খান। বলেন, সিলেটের পাহাড়ে একদিন শুটিং করেছিলাম। আমাকে পাহাড়ের ওপর বেঁধে রাখার একটি দৃশ্য ছিল। সেদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাড়ের রোদের মধ্যে আমাকে বেঁধে রাখা হয়। সবাই নেমে গিয়ে খাবার খাচ্ছে, শুটিংয়ের অবসরে গল্প করছে, কিন্তু আমাকে বেঁধে রাখা হয়েছে। যদিও শুটিংয়ের জন্যই। সেদিন আমার কষ্ট হয়েছিল। পরে পরিচালক আমাকে বলেন, ‘তুমি যাতে কষ্ট সহ্য করতে শিখতে পারো, সেজন্য সারাদিন রোদের মধ্যে রেখেছি।

আমিন খান বলেন, ৩৩ বছর আগে দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে নায়ক বানিয়েছিলেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

Related Articles

Latest Posts