নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষক ও স্থানীয়রা দগ্ধ ৫ শিক্ষার্থীকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েকজন শিক্ষার্থী খেলতে চারতলা মাদ্রাসা ভবনের ছাদে যায়। তাদের হাতে আখ ছিল। ছাদের ওপর দিয়ে একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত আখের একটি অংশ ওই বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিকট শব্দে স্ফুলিঙ্গ ও আগুনের সৃষ্টি হয়। এতে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম ডেইলি স্টারকে বলেন, ছাদে পাতাসহ আখ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আখটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে স্ফুলিঙ্গ ও আগুনের সৃষ্টি করে।
তিনি আরও বলেন, ভবনটির নিচতলায় একটি গ্যাস রাইজারেও বিস্ফোরণ ঘটেছিল। বিদ্যুতের স্ফুলিঙ্গের সময় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে নিচতলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ডেইলি স্টারকে বলেন, দগ্ধদের শরীরের ৭ থেকে ৮২ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

