মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তার ১০ মাস বয়সী মেয়ে নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সোনিয়া আক্তার (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত।
সোনিয়ার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা।
আবুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ৭ দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে এসেছিলেন। আজ সকালে তাদের নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলে যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। উল্টোপথে আসা বাসটির আঘাতে মোটরসাইকেলে থাকা সোনিয়া ও তার কোলে থাকা শিশু পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রথমে সোনিয়াকে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মেয়েকে মৃত ঘোষণা করা হয়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি ডেইলি স্টারকে বলেন, ‘নারীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আনা হয়েছিল। ১০ মাস বয়সী শিশুটি তখনো জীবিত ছিল। চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
হাইওয়ে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

