মূল লক্ষ্য আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ, তবে তার আগেই ফিফা আসিয়ান কাপের কঠিন মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিসা জটিলতার ঝক্কি সামলে ইন্দোনেশিয়ায় পৌঁছেই কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আসিয়ান কাপে ‘গ্রুপ এ’-তে লড়াই করবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
সংবাদ সম্মেলনে জাকার্তায় পৌঁছানোর স্বস্তি প্রকাশের পাশাপাশি মাঠের লড়াই নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জামাল, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম, কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি। কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি এটি কঠিন হতে যাচ্ছে, তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে।’
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর বেলা ৩টায় দ্বিতীয় ম্যাচে জামালদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই টুর্নামেন্টকে মূলত আগামী মাসে মাঠে গড়াতে যাওয়া আঞ্চলিক শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ‘সাফ চ্যাম্পিয়নশিপের’ চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই বিবেচনা করছে কোচিং স্টাফ ও ফুটবলাররা। তবে কেবল অংশ নেওয়া নয়, বিশ্বমঞ্চের শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়াই এখন মূল লক্ষ্য।
দলীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অধিনায়ক আরও যোগ করেন, ‘কারণ সফল হতে হলে আপনি প্রতিযোগিতা করতে চাইবেন, ভালো ম্যাচ খেলতে চাইবেন। অবশ্যই, কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য। তবে অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই এবং যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’

