ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা ২ মামলায় ফুডপান্ডা বাংলাদেশের শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরোয়ানার দুটি পৃথক আদেশ দেন।

বাদীর আইনজীবী কাজী মফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পাঁচ কর্মকর্তা হলেন—ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, পান্ডামার্টের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুল হক।

চলতি বছরের জুন ও জুলাইয়ে গুলশান থানা পুলিশ এই পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে দুটি পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে।

গত বছরের ৩ জুলাই আদালতে এ দুটি মামলা করেন আইপিইএল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির।

পরে আদালত গুলশান থানাকে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে ফুডপান্ডা বাংলাদেশের সিস্টার কনসার্ন ‘ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ)’ আজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলা করবে এবং তাদের কোনো কর্মকর্তা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।

এতে আরও বলা হয়, ‘কর্মচারীদের ওপর কোনো অপরাধের দায় না চাপিয়ে বিরোধের মূল বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরতে ডেলিভারি হিরো স্টোরস অঙ্গীকারবদ্ধ।’

Related Articles

Latest Posts