কাবাডিতে জাপানের কাছে হেরে পদকের স্বপ্নে বড় ধাক্কা

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দুই দশকের পদক-খরা কাটানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে সেই স্বপ্ন আরও জোরালোও হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ছন্দপতন। জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে এখন সেমিফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে লাল-সবুজের দল।

জাপানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। সেটি হলে পুরুষ কাবাডিতে ২০ বছর পর এশিয়ান গেমসের পদক পেত বাংলাদেশ। কিন্তু অপ্রত্যাশিত এই হারে সেই সুযোগ এখন অনিশ্চয়তায়।

সেমিফাইনালে যেতে হলে শেষ গ্রুপ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আগামীকাল অনুষ্ঠিত হবে দুই দলের সেই গুরুত্বপূর্ণ ম্যাচ।

অথচ প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। প্রথম দিনে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই জাপানের বিপক্ষে খেলতে নেমেছিল তারা। অন্যদিকে জাপান নিজেদের আগের ম্যাচে ভারতের কাছে হেরেছিল ২৪-৪৯ পয়েন্টে। ফলে পরিসংখ্যান ও আগের ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এই ম্যাচেও বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছিল।

কিন্তু ম্যাচের শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে সমস্যায় পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে সেই সুযোগ কাজে লাগিয়ে ২২-১৫ পয়েন্টে এগিয়ে যায় জাপান। সাত পয়েন্টের সেই ব্যবধানই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে ২২ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের ঘাটতি আর পূরণ করা সম্ভব হয়নি। ম্যাচে বাংলাদেশকে দুবার অলআউট করার পাশাপাশি বোনাস থেকে ৯ পয়েন্টও সংগ্রহ করে জাপান। শেষ পর্যন্ত তিন পয়েন্টের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

 

Related Articles

Latest Posts