মেসির শেষ ম্যাচ, জার্সিতেও থাকছে বিদায়ের আবহ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। স্বাভাবিকভাবেই মুহূর্তটি যে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা হতে যাচ্ছে। তার ইঙ্গিতও মিলেছে। বিদায়ী ম্যাচে কী জার্সি পরে মাঠে নামবেন, সেটিও প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশেষভাবে তৈরি সেই জার্সিতে থাকছে সোনালি নকশা, সঙ্গে আর্জেন্টিনার ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ম্যাচটি হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ জার্সিটির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… জীবনের জন্য একটি জার্সি।’

বিদায়ী ম্যাচের কথা মাথায় রেখেই জার্সিটির নকশায় আনা হয়েছে ভিন্নতা। স্বাভাবিক নকশার বদলে হালকা আকাশি রঙ থাকবে মূল অংশজুড়ে, মাঝখানে থাকবে একটি সাদা উল্লম্ব দাগ। তবে চমক থাকছে জার্সির পেছনে।

সেখানে মেসির নাম ও নম্বর লেখা হবে সোনালি রঙে। পাশাপাশি পেছনের অংশে উঁচু-নিচু নকশায় ফুটিয়ে তোলা হবে ‘সান অব মে’, আর্জেন্টিনার জাতীয় প্রতীকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ নকশা করা হয়েছে।

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ঘরের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তিন দিন পর একই মাঠে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে তারা।

তবে এই তিন ম্যাচের মধ্যে মেসিকে দেখা যাবে শুধু শেষটিতেই। অর্থাৎ ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ উপস্থিতি।
 

Related Articles

Latest Posts