সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিপাকে নারী দলের কোচ ইমরান

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এরপর সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইঙ্গিত করে ক্ষোভ জানিয়ে বিপাকে পড়েছেন দলের বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরান।

বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

অনেকদিন ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্সের বেহাল দশা। এশিয়া কাপে ব্যর্থতার পর জাপানে চলমান এশিয়ান গেমসেও ভরাডুবি হয়েছে তাদের। ২০১০ সাল থেকে নিয়মিত অংশ নেওয়া টাইগ্রেসরা এই প্রথম এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে।

দলের এমন হালের ব্যাখ্যা দিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হারের পর ইমরান বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া (নতুন কোচ নিয়োগের গুঞ্জন, অধিনায়কের দায়িত্ব ছাড়ার খবর)… আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ (শায়েস্তা) করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো ফল) আশা করেন?’

বিদায়ী কোচের এমন মন্তব্যকে বিসিবির ওপর অন্যায্যভাবে দায় চাপানো হিসেবে দেখছেন নারী উইংয়ের প্রধান রফিকুল। তিনি বলেন, ‘আমরা অবশ্যই সারওয়ার ইমরানকে শো-কজ করব। তার মতো একজন সিনিয়র কোচ এসব বলে ফেললেন! সংবাদমাধ্যমে কোচ বা অধিনায়ক বদল নিয়ে তো অনেক কিছু আসছে। কিন্তু আমরা (বিসিবি) কি আনুষ্ঠানিকভাবে কিছু বলেছি?’

তিনি যোগ করেন, ‘আমরা সারওয়ার ইমরানকে আগেই বলেছিলাম যে, তিনি দেশে ফিরলে এসব নিয়ে বসব। সবকিছু কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করব।’

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কিছুদিন আগে নিগার সুলতানা জ্যোতি নিজেই চিঠি দিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা বিসিবিকে জানিয়েছিলেন। ফলে ইমরানের বিসিবির দিকে আঙুল তোলাকে ভুল মনে করছেন রফিকুল।

অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, ‘প্রধান কোচ (একটি সংবাদমাধ্যমের কাছে) দাবি করেছেন যে, আমি নাকি ঘোষণা দিয়েছি (জ্যোতি) আর অধিনায়ক নেই। এটা হয় কোনোদিন? তাই তাকে শো-কজ করব। তিনি কেন এই মিথ্যাচার করলেন?’

Related Articles

Latest Posts