ফেনীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন বাড়ি থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ফেনী শহরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম (২৯) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ফেনীতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, তিনি ও তার ভাই নুর আলম ফেনীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিকের কাজ করছেন।
তিনি ডেইলি স্টারকে বলেন, ‘ফেনীর রামপুর রাস্তার মাথায় একটি বিল্ডিংয়ে আমরা দুই ভাইসহ বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলাম। আজ দুপুরের দিকে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলার একটি বারান্দায় মোবাইলে কথা বলছিলেন আমার ভাই। কথা বলতে বলতে অসতর্ক অবস্থায় হঠাৎ বারান্দা থেকে নিচে পড়ে যান।’
তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুল বলেন, ‘ওই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

