অদ্ভুতভাবে চোটে পড়লেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র

বিজ্ঞাপনের কাজের সময় ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়’ চোট পেয়ে ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শনিবার এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, গত বুধবারে অফিসিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনী কাজে অংশ নেওয়ার সময় ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ঠিক তখনই তার কাঁধের হাড় সরে যায়।

এনজেডসির চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার হাড় বা পেশিতে বড় কোনো মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়নি। তবে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। উল্লেখ্য, এই টি-টোয়েন্টি সিরিজের পরপরই দুই দল পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।

নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেল জানান, বিজ্ঞাপনের সেটে একটি সেফটি ম্যাটের ওপর অসাবধানতাবশত ভুলভাবে ল্যান্ড করায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্যান্ডেল আফসোস প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা রাচিনের জন্য খুবই ব্যথিত। আমাদের মূল লক্ষ্য এখন তাকে দ্রুত সুস্থ করে তোলা এবং কত দ্রুত তাকে খেলায় ফেরানো যায় সেদিকে নজর দেওয়া।’

বিজ্ঞাপন শুটিংয়ের নিরাপত্তার বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘অন্যান্য সব বাণিজ্যিক শুটিংয়ের মতোই এটিও সব পক্ষের সম্মতিতে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই আয়োজন করা হয়েছিল। তবুও এটি একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। ভবিষ্যতে এই জাতীয় শুটিং আয়োজনের ক্ষেত্রে আমাদের সতর্কতা ব্যবস্থা আরও জোরদার করা হবে।’

২০২১ সালে অভিষেকের পর থেকে আজ অবধি ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিন ফরম্যাটেই নিউজিল্যান্ড দলের এক অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার ও স্পিনার।

ভারতের বিপক্ষে হোম সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে কিউইদের। সে কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার জানান, রাচিনের পুনর্বাসন প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে।

ওয়াল্টার বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ রয়েছে। তাই এখনই তড়িঘড়ি করে রাচিনকে মাঠে ফেরানোর কোনো ঝুঁকি আমরা নেব না।’

 

Related Articles

Latest Posts