পবিত্র নগরী মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন ভূপাতিত করার সৌদি আরবের দাবির মধ্যেই দেশটির একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশে সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। স্থানীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল) দিয়ে বিমানটি ভূপাতিত করা হয় বলে দাবি করেন তিনি।
আল-জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৃষ্টিকর্তার সাহায্য ও অনুগ্রহে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি বিমানটি ‘শত্রুতামূলক অভিযান’ চালাচ্ছিল এবং ইয়েমেনে সৌদির সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হচ্ছিল।
হুতিদের দাবি, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে বিমানটি ভূপাতিত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল-জাজিরা।
তবে হুতিদের এই দাবি নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ধ্বংসাবশেষ খুঁজতে আসা দুই এফ-১৫কেও মোকাবিলার দাবি
একটি সৌদি এফ-১৫ ভূপাতিত করার দাবির পর হুতিরা আরও দুটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমানকে মোকাবিলা করার দাবি করেছে।
ইয়াহিয়া সারি বলেন, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজতে আসা দুটি সৌদি এফ-১৫-এর সঙ্গেও হুতি বাহিনীর ‘লড়াই’ হয়েছে।
এ ছাড়া, গত এক সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।
তার ভাষ্য, তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘উপলব্ধ সব উপায়ে’ হুতিরা তাদের অভিযান চালিয়ে যাবে।
মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার
এদিকে সৌদি আরবের পক্ষ থেকে মক্কার দিকে হুতিদের একটি ড্রোন পাঠানোর অভিযোগও প্রত্যাখ্যান করেছে হুতিরা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার আকাশসীমার দিকে যাওয়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
জোটের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়। জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি ছিল দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্য করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে সৌদি জোট।
তবে হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ এ অভিযোগকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মক্কাকে লক্ষ্য করার দাবি ‘এমন এক জঘন্য মিথ্যা, যা এর আগেও বলা হয়েছে এবং তারা এখন আর কাউকে বোকা বানাতে পারে না।’

