মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস জোটের দেশগুলোকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে ইঙ্গিত করে শি জিনপিং বলেন, এই যুদ্ধ ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে না। শান্তি স্থাপনে চীন ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে কাজ করবে।’

চীনা প্রেসিডেন্ট ব্রিকস জোটকে ‘গ্লোবাল সাউথের’ নেতৃত্বস্থানীয় এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই জোটের উচিত উদ্ভাবন-ভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করা।

ব্রিকস জোট মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সহযোগীদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ২০০৯ সালে এই জোটের প্রতিষ্ঠা।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং সম্প্রসারিত সদস্যদের নিয়ে গঠিত এই জোট গত দুই দশকে বেশ বিস্তৃত হয়েছে। তবে সদস্যদেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো এখন জোটটির অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে রয়টার্স।

বর্তমানে বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষ এই জোটভুক্ত দেশগুলোতে বসবাস করে এবং বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশই তাদের দখলে।

ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নজিরবিহীন ও জটিল নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হচ্ছে।

সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং জানান যে চীন আগামী বছর ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে এবং ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।

Related Articles

Latest Posts