ইয়েমেনের তিনটি কৌশলগত দ্বীপ দখলের পর পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এখন কার্যত তাদের নিয়ন্ত্রণে।
গত বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর হামলা চালানোর অনুরোধ জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে আজ শনিবার হুতিরা ফোন করে ট্রাম্পকে এ সংঘাতে না জড়ানোর অনুরোধ করেছেন।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ডাবলিন সফরের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হুতিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’
ট্রাম্প আরও বলেন, ‘ওই অঞ্চলে সবকিছু ভালোভাবেই ঠিক হয়ে যাবে।’
এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা হয়েছে বলে জানান ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়, ইরানের অবরোধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর লোহিত সাগর দিয়ে তেল পরিবহন করে আসছিল বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।
তবে চলতি সপ্তাহে ইয়েমেনের হানিশ দ্বীপপুঞ্জসহ তিনটি দ্বীপ ও মোখা বন্দর দখলে নেয় হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালিও এখন কার্যত তাদের নিয়ন্ত্রণে। এর ফলে বড় ধরনের হুমকির মুখে পড়েছে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থা।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ট্রাম্পকে দুইবার ফোন করে হুতিদের ওপর হামলা চালানোর অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
তবে ট্রাম্প এ অনুরোধ প্রত্যাখান করেছেন।

