যুক্তরাষ্ট্রে চলতি বছর ৩১০০ জনের বেশি হাম রোগী শনাক্ত, ৩৫ বছরে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত ৩ হাজার ১৩৪ জনের হাম শনাক্ত করা হয়েছে, যা গত ৩৫ বছরের বেশি সময়ের মধ্যে বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাম শনাক্তদের মধ্যে ৩ হাজার ১১৮ জন যুক্তরাষ্ট্রের ৪৭ অঙ্গরাজ্য বা প্রশাসনিক অঞ্চলের। আর ১৬ জন বিদেশি পর্যটক বা দর্শনার্থী।

চলতি বছর দেশটিতে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৮ জন। ২০২৫ সালে ভর্তির সংখ্যা ছিল ২৪৪।

সিডিসি আরও জানায়, আক্রান্তদের প্রায় ৯৪ শতাংশ টিকা নেননি কিংবা তারা টিকা নিয়েছেন কি না, জানা যায়নি।

প্রতিবেদন মতে, করোনা মহামারির পর শিশুদের এমএমআর টিকা দেওয়ার হার কমায় দুই বছর ধরে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে যুক্তরাষ্ট্রে ১৯৮৯-৯১ সালে সর্বোচ্চ ৫৫ হাজারের বেশি হাম আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়। সেসময় হামে মারা যায় ১২৩ জন।

Related Articles

Latest Posts