কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডানোর মৃত্যু মামলার বিচারে এক নজিরবিহীন গোলমাল সামনে এসেছে। আদালতে ম্যারাডানোর বলে যে চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তা আসলে তার বাবার। বিষয়টি স্বীকার করে নিয়েছে সংশ্লিষ্ট আর্জেন্টাইন স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান।
ফরাসি বার্তা সংস্থা এএফপির দেখা এক চিঠিতে ‘সুইস মেডিকেল’ স্বীকার করেছে, তদন্ত কমিটির কাছে রিপোর্ট পাঠানোর সময় ভুলবশত ম্যারাডানোর বাবার রিপোর্টটি ফুটবল তারকা ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র নামে চলে যায়। উল্লেখ্য, তার বাবা দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা ২০১৫ সালে মারা যান—ছেলের মৃত্যুর ঠিক পাঁচ বছর আগে।
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ফুটবল জাদুকর ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে সাতজন স্বাস্থ্যসেবা কর্মীর। সেই মামলারই এক আসামিপক্ষের আইনজীবী গত সপ্তাহে প্রথম এই মারাত্মক ভুলটি ধরে ফেলেন।
মস্তিষ্কে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় হৃদরোগ ও ফুসফুসে পানি জমে মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসক দল কোনো দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করে আসছে।
বিচারের শেষ ধাপে ম্যারাডানোর কিডনির অবস্থা সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। একজন বৃক্ক বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, চিকিৎসকদের ম্যারাডানোর কিডনির দিকে আরও নজর দেওয়া উচিত ছিল। কিন্তু পরে জানা গেল, ভুল মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করেই ওই বিশেষজ্ঞ তার মূল্যায়নটি করেছিলেন!
এমন কেলেঙ্কারির কারণে মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে করে আদালত নতুন করে অস্বস্তিতে পড়ল। কারণ এর আগেও এক বিচারকের স্বার্থসংঘাতের জের ধরে আগের বিচারপ্রক্রিয়াটি বাতিল হয়ে গিয়েছিল।
গত এপ্রিলে নতুন করে শুরু হওয়া এই আলোচিত বিচারকাজ আগামী বৃহস্পতিবার আবার শুরু হচ্ছে। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এ বিচারপ্রক্রিয়া চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

