চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস: ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি, ক্ষতিপূরণ আদায় ২ কোটি টাকা

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৮৭টি। এ ছাড়া, ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের দেওয়া হয়েছে ২ কোটি টাকা।

আজ সোমবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মো. আবু সাঈদ জানান, গত সাত মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ২ হাজার ২৭৬টি আবেদন দাখিল করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকারের সভাপতিত্বে এই সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে একটি তথ্যচিত্রও দেখানো হয়।

সভাপতির বক্তব্যে হায়দার আলী খোন্দকার বলেন, ‘মামলা জট নিরসনে লিগ্যাল এইড অফিস অসাধারণ ভূমিকা পালন করছে। লিগ্যাল এইড অফিসের কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।’

লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, গত সাত মাসে নিয়মিত আদালতে দায়ের করা মোট ৩৪৩টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১ হাজার ৪৭২ জন বিচারপ্রার্থীকে। আইনগত সহায়তা সেবা দেওয়া সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত সাত মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৫টি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Related Articles

Latest Posts