একটি চক্র বিভিন্ন দূতাবাসে হুমকিমূলক ইমেইল পাঠাচ্ছে: ডিবিপ্রধান

একটি অপরাধী চক্র টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় বিভিন্ন দূতাবাসে হুমকিমূলক ইমেইল পাঠাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, ‘চক্রটি এসব ইমেইলে সাধারণ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘যাদের বিকাশ নম্বর এসব ইমেইলে দেওয়া হয়েছিল, তেমন তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তারা এ বিষয়ে কিছুই জানতেন না।’

শফিকুল ইসলাম জানান, চক্রটি চীন, পাকিস্তান ও তুরস্কসহ চারটি বিদেশি দূতাবাস এবং বেশ কয়েকটি সরকারি দপ্তরে এ ধরনের হুমকিমূলক ইমেইল পাঠিয়েছে।

ডিবিপ্রধান আরও বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা—এটি কেবল চাঁদাবাজির চেষ্টা নাও হতে পারে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনগুলোর মধ্যে আতঙ্ক তৈরি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাও এই চক্রের উদ্দেশ্য হতে পারে।’

Related Articles

Latest Posts