ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলস ও চোখ-মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ছাহেরা খাতুন (৫০) হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তিনি একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
ওসি নাজমুল হুদা বলেন, গতকাল শুক্রবার বিকেলে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছগ্রামের পাশে বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
‘মরদেহের গলায় মাটির কলসি বাঁধা ছিল। এছাড়া চোখ-মুখ একটি কাপড় দিয়ে বাঁধা ছিল’, বলেন তিনি।
নাজমুল হুদা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আজ সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারীর কোনো সন্তান নেই এবং তেমন কোনো আত্মীয়-স্বজনও ছিল না। তিনি গুচ্ছগ্রামের একটি ঘরে একাই থাকতেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। কয়েকজনের কাছে তার টাকা পাওনা ছিল এবং সেই টাকা আদায়ের জন্য তিনি তাদের পেছনে ঘুরছিলেন।
ওসি বলেন, ঘটনাস্থলে সিআইডির একটি দল গিয়েছিল। তারাও তদন্ত করবে, আমরাও তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

