সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে নতুন করে পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
আজ মঙ্গলবার সিপিজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে তিন সাংবাদিককে ২৪ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন। তারা পৃথক মামলায় ২০২৪ সাল থেকে আটক রয়েছেন।
সিপিজের এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, শুধু সংবাদ সম্মেলনে প্রশ্ন করার কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা ‘ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক’।
তিনি বলেন, কোনো সংবাদমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে এবং গণতন্ত্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে।
তিন সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

