স্পেনের বিশ্বকাপজয়ী তারকা রদ্রির ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা শেষমেশ কাটতে যাচ্ছে। তাকে দলে টানতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির একটি সূত্রের বরাতে রোববার বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৮ কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে ক্যাম্প ন্যুতে যোগ দিচ্ছেন এই ৩০ বছর বয়সী মিডফিল্ডার এবং লা লিগার বর্তমান বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি।
বার্সেলোনার সূত্রটি এএফপিকে জানিয়েছে, ‘আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে এবং বিষয়টি চূড়ান্ত রূপ পাবে।’
গত জুলাইয়ে রদ্রির নেতৃত্বে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। এরপর তার সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে তিনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করলে পাল্টে যায় চিত্র। তার সেই ইচ্ছা এবার পূরণ হতে যাচ্ছে।
২০১৯ সালে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। তখন থেকে সিটিজেনদের সব অর্জনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি শিরোপা।
এএফপি আরও জানিয়েছে, রদ্রিকে পেতে বার্সেলোনার প্রথম দুটি প্রস্তাব বাতিল করে দেয় ম্যান সিটি। তবে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব। চলতি গ্রীষ্মে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসে বিসিউয়ের পর নতুন তারকা হিসেবে তিনি কাতালান শিবিরে নাম লেখাতে যাচ্ছেন তিনি।
২০২৪ সালের ব্যালন দি’অরজয়ী রদ্রিকে গত দুই মৌসুমে চোটের সাথে লড়াই করতে হয়। তবে সেই ধাক্কা সামলে সবশেষ বিশ্বকাপে নিজের সেরা ছন্দ দেখান তিনি। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন।
এদিকে, জোয়াও কানসেলোকে স্থায়ীভাবে দলে নেওয়ার প্রক্রিয়াও আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন করার আশা করছে বার্সেলোনা। সৌদি ক্লাব আল হিলাল থেকে গত মৌসুমে ক্যাম্প ন্যুতে ধারে খেলেছিলেন পর্তুগালের এই ডিফেন্ডার।

