মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে টেলর সুইফটের কয়েকটি গান সরিয়ে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউস মার্কিন এই পপ তারকার দুটি গান ব্যবহার করেছিল।
আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স হোয়াইট হাউস ও সুইফটের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্প্রতি ট্রাম্পকে নিয়ে কোনো মন্তব্য করেননি সুইফট। তবে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় সামাজিক মাধ্যমে সুইফট লিখেছিলেন, ‘ট্রাম্প খুব ভালোভাবেই জানেন, আমরা তাকে আমাদের প্রেসিডেন্ট হিসেবে চাই না।’
ট্রাম্প বারবার সুইফটের সমালোচনা করেছেন। হ্যারিসকে সমর্থন দেওয়ার পর গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এই রিপাবলিকান নেতা বলেন, ‘আমি টেলর সুইফটকে ঘৃণা করি।’
এদিকে, সাবরিনা কার্পেন্টার ও আরিয়ানা গ্রান্ডেসহ কয়েকজন শিল্পী ট্রাম্প প্রশাসনকে তাদের গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে ট্রাম্পের প্রচার সেলের টিকটক পেজে সুইফটের দুটি গান ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ভিডিওতে সুইফটের গানের শিরোনাম ও কথার সঙ্গে মিল রেখে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।
সেখানে লেখা ছিল—‘রেড (ডোনাল্ড ট্রাম্পের সংস্করণ)’, ‘রেড (টেইলর সুইফট রিপাবলিকানদের নিয়ে একটি পুরো অ্যালবাম লিখেছেন)’, ‘এভরিথিং হ্যাজ চেঞ্জড (আমাদের দক্ষিণ সীমান্তে)’, ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার (বাইডেন-হ্যারিস প্রশাসন)’ এবং ‘দ্য লাস্ট টাইম (একটি অটোপেন দেশ চালাচ্ছে)’।
এর মাধ্যমে সুইফটের জনপ্রিয় গানগুলোর নামকে ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়।
জুনে ট্রাম্পের প্রচারণায় টিকটকে সুইফটের নতুন ‘টয় স্টোরি ৫’ সিনেমার গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের দেশ ও আমেরিকার জনগণকে আর কেউ বেশি ভালোবাসে না।’ ভিডিওতে ট্রাম্পকে হোয়াইট হাউসে শিশুদের সঙ্গে কথা বলতে, ইউএফসি ম্যাচে নাচতে ও একটি সমাবেশে অংশ নিতে দেখা যায়।
সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রাম্প প্রশাসন বা তার প্রচার সেল গ্র্যামি পুরস্কারজয়ী এই পপ তারকার কোনো গান ব্যবহার করল।
এর আগে এপ্রিলে হোয়াইট হাউস একটি ভিডিও প্রকাশ করে। যেখানে আগের দিন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীদের ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দৃশ্য দেখানো হয়।
ভিডিওটিতে সুইফটের ‘হাই ইনফিডেলিটি’ গানটি ব্যবহার করা হয়েছিল। এতে গানটির ‘তুমি কি সত্যিই জানতে চাও ২৯ এপ্রিল আমি কোথায় ছিলাম?’—এই লাইনটিও ছিল।
নভেম্বরে হোয়াইট হাউস টিকটকে আরেকটি ভিডিও প্রকাশ করে। এতে সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানটি ব্যবহার করা হয়।
অ্যালবামটি তার আগের মাসে প্রকাশিত হয়। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের পতাকা, বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ট্রাম্পের বিভিন্ন ছবি ছিল, যার মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তারের সময় তোলা তার মাগশটও ছিল।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এরপর হোয়াইট হাউসের একজন মুখপাত্র একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্প প্রশাসন জানত যে, সংবাদমাধ্যমগুলো এগুলো প্রচার করবে, এ কারণেই ভিডিওটি তৈরি করা হয়েছিল।
সামাজিক মাধ্যমে ট্রাম্পের প্রচার সেল তার অভিবাসনবিরোধী অভিযান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের দৃশ্যসহ বিভিন্ন ছবির সঙ্গে জনপ্রিয় নানা গান ব্যবহার করে পোস্ট করেছে।

