হাসিনার বক্তব্য প্রচার: চিফ প্রসিকিউটরের ভিন্নমতের পর অবস্থান জানালো সরকার

আদালতের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

এর আগে আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় ‘বিদ্বেষপূর্ণ বক্তব্য না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই’ এমন মত প্রকাশ করেন।

তথ্য বিবরণীতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে গণমাধ্যমের একটি অংশ আদালতের নির্দেশনা মেনে চললেও কোনো কোনো গণমাধ্যম সেটা মানছে না উল্লেখ করে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মানলেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

একইসঙ্গে যেসব গণমাধ্যম ‘পতিত শেখ হাসিনার’ বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সরকার।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-অগাস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সব গণমাধ্যমকে (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া) পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’

 

Related Articles

Latest Posts