বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি পদে থাকতে বাধা নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই।

তার সংসদ অধিবেশনে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই আদেশের পর সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই।

এদিকে রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) পাওয়ার পর তারা তা চ্যালেঞ্জ করে আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করবেন।

তবে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, বর্তমানে সরোয়ার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন এর আগে আপিল বিভাগে এ আবেদনটি জমা দেন। এতে হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ এবং সরোয়ারের অধিবেশনে যোগদানে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

এর আগে গত ৯ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক সরোয়ারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

রায় প্রকাশের পরদিনই নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। একই দিন রাত ৭টা ১৫ মিনিটে জাতীয় সংসদে নিজ কার্যালয়ে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সরোয়ার আলমগীরের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ১৩ জুলাই দ্য ডেইলি স্টারকে জানান, তার মক্কেল ইতোমধ্যে দুদিন ধরে সংসদীয় কার্যক্রমে অংশ নিয়েছেন।

আদালতে সরোয়ারের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। 

অন্যদিকে নুরুল আমীনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

Related Articles

Latest Posts