বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১ নারী পুলিশ হেফাজতে

বগুড়া সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাপলা নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচাতো ভাইদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। 

নিহত আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি এবং স্থানীয় বালু ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে সাগরের বিরোধ চলছিল। কিছুদিন ধরে তিনি চালিতাবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে স্ত্রী মারজিয়া খাতুনের সঙ্গে বসবাস করছিলেন।

মারজিয়া খাতুন অভিযোগ করেন, রাতের খাবার শেষে আনুমানিক রাত আড়াইটার দিকে সাগর শ্বশুরবাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তার চাচাতো ভাই জুলহাসসহ ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে ভেতরে ঢোকে। তারা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তিনি আরও জানান, সাগর আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করলেও রাস্তায় গিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য শাপলা নামে এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, নিহত সাগরের বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

Related Articles

Latest Posts