বন্যা-পাহাড়ধস মোকাবিলায় রেড ক্রিসেন্টকে ১ লাখ ডলার অনুদান চীনের

দেশে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক বন্যার এই কঠিন সময়ে চীনের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে দেওয়া এই জরুরি অর্থসহায়তা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের সংহতির প্রকাশ।’

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটের মুখে পড়েছে, চীন সব সময়ই পাশে দাঁড়িয়েছে। গত বছর চীন রেড ক্রিসেন্টকে যেসব সরঞ্জাম দিয়েছিল, তা বর্তমানে চলমান বন্যা মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম চীন সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমরা চীনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের স্বেচ্ছাসেবকেরা ইতিমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায় কাজ করছেন। এই উদার সহায়তার মাধ্যমে আমরা জরুরি খাদ্যসহায়তা, নিরাপদ খাওয়ার পানি, অস্থায়ী আশ্রয় ও চিকিৎসাসেবা বিতরণের কাজ আরও বাড়াতে পারব।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মফখখারুল ইসলাম রানা, মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts