পাবিপ্রবিতে র‍্যাগিংয়ে নবীন শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করেছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাবিপ্রবি প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এতে ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফার্মেসি বিভাগের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর নবীনদের সঙ্গে খারাপ ব্যবহার, দোষ-ত্রুটি খোঁজা এবং হয়রানি করা শুরু হয়। এতে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তুহিন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

‘তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা যাবে না,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts