যুক্তরাষ্ট্রের ১৭ অঙ্গরাজ্যে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত ১৪০০

চলতি গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্রে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির ১৭টি অঙ্গরাজ্যে অন্তত এক হাজার ৪০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সাইক্লোস্পোরা নামের একটি অণুবীক্ষণিক পরজীবী এই রোগের জন্য দায়ী। ওই পরজীবীযুক্ত খাবার বা পানি গ্রহণ করে যুক্তরাষ্ট্রের মানুষ ‘প্রবল’ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

মূলত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়াচ্ছে। 

আগেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব দেখা গেছে।

এবারের প্রাদুর্ভাবের উৎস এখনো খুঁজে পাওয়া না গেলেও অতীতে বেশির ভাগ ক্ষেত্রে কাঁচা খাবার থেকে এই রোগ ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, মে মাস থেকে ইন্ডিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, নিউইয়র্ক ও টেক্সাসসহ এখন পর্যন্ত ১৭টি অঙ্গরাজ্য থেকে আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মিশিগানে। সেখানে গত দুই সপ্তাহে প্রায় ১,২০০ জন আক্রান্ত হয়েছেন। ওহাইয়ো অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন ২০০ মার্কিনি।

চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। তবে এখনো এই রোগে কারও মৃত্যু হয়নি।

৮ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, মিশিগানে আক্রান্তের সংখ্যা ১,২০০।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্যের চেয়েও বেশি মানুষ এই রোগে আক্রান্ত। অনেকেই চিকিৎসা না নিয়েই সেরে ওঠেন এবং কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করান না।

সিডিসির (CDC) তথ্য অনুযায়ী, সাইক্লোস্পোরা নামের একটি অণুবীক্ষণিক পরজীবী সাইক্লোস্পোরিয়াসিস নামের অন্ত্রের রোগ সৃষ্টি করে।

সিডিসির তথ্য অনুযায়ী, সাইক্লোস্পোরা পরজীবীযুক্ত খাবার বা পানি গ্রহণ করলে মানুষ এ রোগে সংক্রমিত হতে পারে।

সিডিসি জানিয়েছে, এই রোগ সাধারণত প্রাণঘাতী নয়। এছাড়া সালমোনেলা ও ই. কোলাইয়ের মতো অন্যান্য খাদ্যবাহিত রোগের তুলনায় এটি বেশ বিরল।

সাইক্লোস্পোরা পরজীবীতে সংক্রমিত ব্যক্তির মধ্যে উপসর্গ দেখা দিতেও পারে, আবার নাও দেখা দিতে পারে। জনস্বাস্থ্য সংস্থাটির তথ্য অনুযায়ী, এ রোগে সাধারণত ডায়রিয়া হয়, যেখানে ঘন ঘন এবং কখনো কখনো অত্যন্ত তীব্রভাবে মলত্যাগের প্রয়োজন হয়।

চিকিৎসা না করালে এ রোগ কয়েক দিন থেকে এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। উপসর্গ কমে যাওয়ার পরও তা আবার ফিরে আসতে পারে।

সাধারণত সংক্রমণের প্রায় এক সপ্তাহ পর অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির ডা. ক্যাটলিন রিভার্সের মতে, এ রোগ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না।

এ রোগের উৎস হিসেবে এখনো নির্দিষ্ট কোনো ধরনের কৃষিপণ্য, চাষি বা সরবরাহকারীকে চিহ্নিত করা যায়নি।

ড. রিভার্স জানান, ‘সাধারণত খামার বা সেচব্যবস্থার পর্যায়ে এ পরজীবীর মাধ্যমে দূষণ ঘটে। ফলে এর উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় অতীতে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের সঙ্গে প্যাকেটজাত সালাদ মিশ্রণ ও সালাদ কিট, তাজা ধনেপাতা, তাজা তুলসীপাতা, রাস্পবেরি, স্নো পি (এক ধরনের মটরশুঁটি) এবং কাঁচা পেঁয়াজের সম্পর্ক পাওয়া গেছে।

রোগীর সংখ্যা বেশি এবং ক্রমাগত বাড়তে থাকায় মিশিগানের স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও কাঁচা কৃষিপণ্য প্রস্তুত বা পরিবেশনকারী রান্নাঘরগুলোকে ঝুঁকি কমাতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

এর মধ্যে রয়েছে সবুজ শাকসবজি ভালোভাবে ধুয়ে নেওয়া, সম্ভব হলে রাস্পবেরি ও পাতাজাতীয় সবজি রান্না করে খাওয়া এবং লেটুস ও কাঁচা পেঁয়াজের বাইরের স্তরগুলো ফেলে দেওয়া।

যদিও যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে, শুধু পানি দিয়ে কৃষিপণ্য ধুলে তা কার্যকর হওয়ার সম্ভাবনা কম, তবে সিডিসি এখনো ফল ও সবজি ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

কর্মকর্তারা বলেছেন, কারও ডায়রিয়া হলে দ্রুত একজন স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সংক্রমণের বিষয়ে পরামর্শ নেওয়া উচিত।
 

Related Articles

Latest Posts