ইরানের স্পিকার বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের

ইরানের স্পিকার বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ শুক্রবার তেহরানে গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গতকাল তেহরান পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে গালিবাফ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং শোক প্রকাশ করেন।

এসময় তিনি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন।

তিনি ইরান ও বাংলাদেশের শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সই করা শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে।

সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা বজায় রাখতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে ইরানের ডেপুটি স্পিকারসহ ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্য ও তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts