ডিআর কঙ্গোর বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পাল্টা জবাব দিতে একদমই দেরি করলেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড। উজবেকিস্তানের জাল কাঁপিয়ে ২০২৬ বিশ্বকাপে গোলের খাতা খুলে অনন্য কীর্তি গড়লেন পর্তুগালের মহাতারকা।
হিউস্টনে মঙ্গলবার রাতে ‘কে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট পর্তুগাল। খেলার ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর মাপা ক্রসে ডান পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।
এই নিয়ে বিশ্বকাপের ছয়টি আসরে গোল করার অনন্য নজির স্থাপন করলেন রোনালদো। ফুটবলের সর্বোচ্চ আসরে এই রেকর্ড নেই আর কোনো খেলোয়াড়ের। এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং গত ২০২২ সালের আসরে একটি গোল করেছিলেন তিনি।
বিশ্বকাপে সব মিলিয়ে রোনালদোর গোল বেড়ে দাঁড়াল নয়টি। তিনি ভাগ বসালেন কিংবদন্তি ইউসেবিওর রেকর্ডে। বিশ্বমঞ্চে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি এখন যৌথভাবে তাদের দুজনের দখলে। ইউসেবিও অবশ্য নয়টি গোলই করেছিলেন একই আসরে (১৯৬৬)।

