রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এসময় তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আইসিডিডিআর,বি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পাশের বাস টার্মিনাল এলাকার দিকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিল চলাকালে দলীয় কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। আওয়ামী লীগের নাম সংবলিত ব্যানার নিয়ে নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।
জানা গেছে, টার্মিনালের কাছাকাছি পৌঁছালে মহিলা লীগের বেশ কয়েকজন কর্মীও এই মিছিলে যোগ দেন। এলাকা ছাড়ার আগে তারা তিনটি থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

