রাজশাহীতে ট্রাকচাপায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকচাপায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মোহনপুর উপজেলার ইসলামী ব্যাংকের কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ ও নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল ফিরোজ (৪০) এবং মোহনপুর উপজেলার বাসিন্দা রাজিব মৃধা (৩৩)।

এসআই মোদাচ্ছের হোসেন বলেন, হতাহত সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। ট্রাকচাপায় ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, আহত চারজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Related Articles

Latest Posts