মৃত ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দিতে সম্মত আদ-দ্বীন কর্তৃপক্ষ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দিতে সম্মত হয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী এবং শিশুদের পরিবারের আইনজীবী শিশির মনির আজ রোববার এ কথা জানিয়েছেন।

মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে গত ২৭ মে ভোরে কয়েকঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি।

আইনজীবী শিশির মনির জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়পক্ষই এতে সম্মত হয়েছে। ইতোমধ্যে এর অংশ পরিশোধ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে পরিবারটি যমজ সন্তান হারিয়েছে, তারা ক্ষতিপূরণ হিসেবে ৮০ লাখ টাকার বেশি পাবে।

যোগাযোগ করা হলে যমজ সন্তান হারানো মোহাম্মদ হাসান সরদার দ্য ডেইলি স্টারকে জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।

‘তবে টাকার পরিমাণ সম্পর্কে আমাকে এখনো কিছু জানানো হয়নি,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts