সম্প্রতি লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নার।
এবার ইতালির সিসিলি দ্বীপে আয়োজিত হতে যাচ্ছে এই তারকা দম্পতির বিয়ের ‘আসল’ অনুষ্ঠান’
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুয়া-ক্যালামের বিয়ের জমকালো উদযাপনকে ঘিরে সিসিলিতে চলছে ব্যাপক প্রস্তুতি।
ইতোমধ্যে সেখানে বিলাসবহুল প্রমোদতরি এসে নোঙর করেছে। হাজির হয়েছেন কুখ্যাত ফটোগ্রাফার পাপারাজ্জিরা।
এমন কী, নবদম্পতিকেও তাদের পাঁচ তারকা হোটেলে একসঙ্গে দেখা গেছে।
গত ৩১ মে লন্ডনে বিয়ে করেন ৩০ বছর বয়সী দুয়া লিপা ও ৩৬ বছর বয়সী টার্নার। সেই বিয়ের পর শুক্রবার থেকে সিসিলির পালেরমো ও পাশের শহর বাঘেরিয়ায় শুরু হচ্ছে দুই দিনের উৎসব।
তবে এই আয়োজনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আয়োজকেরা।
গুঞ্জন রয়েছে, প্রায় ৩০০ অতিথির এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এলটন জনের মতো কালজয়ী তারকারা। এছাড়া দুয়া লিপা এই আয়োজনে ২৬টি ভিন্ন ভিন্ন পোশাক পরবেন বলেও শোনা যাচ্ছে।
গ্র্যামিজয়ী গায়িকা দুয়া লিপা ও ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ এবং ‘মাস্টার্স অব দ্য এয়ার’ খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার গত গ্রীষ্মেও পালেরমোতে সময় কাটিয়েছিলেন।
দুয়ার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, তারা শহরের ঐতিহাসিক অলিগলি ঘুরেছেন, সি-ফুড পাস্তা খেয়েছেন এবং নৌভ্রমণ উপভোগ করেছেন।
শুক্রবার সকালে পালেরমোর বিলাসবহুল পাঁচ তারকা ভিলা ইজিয়ায় নবদম্পতিকে দেখা যায়।
ইতালীয় দৈনিক লা স্টাম্পার প্রকাশিত একটি ভিডিওতে লিপাকে শর্টস ও উল্টো করে পরা বেসবল ক্যাপে দেখা গেছে। হোটেলটির সব কক্ষ ইতোমধ্যে বুক হয়ে গেছে।
গোলযোগ এড়াতে পালেরমোর ঐতিহাসিক কেন্দ্রের দুটি চত্বর যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদযাপনের অংশ হিসেবে বিয়ের অতিথিরা শহরের গ্যালারি অব মডার্ন আর্টও ঘুরে দেখতে পারেন। এ কারণে শুক্রবার দুপুর ২টায় সাধারণ দর্শনার্থীদের জন্য গ্যালারিটি বন্ধ করে দেওয়া হবে।
শনিবারের মূল আয়োজন হবে পালেরমোর পূর্বে অবস্থিত ছোট শহর বাঘেরিয়ায়।
আঠারো শতকে অভিজাতরা সেখানে গ্রীষ্মকালীন বারোক ভিলা নির্মাণ করেছিলেন।
‘ভিলা ভালগুয়ারনেরা’ নামের ভবনে চলবে অনুষ্ঠান।
বিয়ে, বিশেষ আয়োজন এবং চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের সেট হিসেবে এই ভিলাটি নিয়মিত ব্যবহৃত হয়। নেটফ্লিক্সের ২০২৫ সালের মিনিসিরিজ ‘দ্য লেপার্ড’-এর কিছু দৃশ্য সেখানে ধারণ করা হয়েছিল।
২০২০ সালে এই ভিলাতেই বিয়ে করেছিলেন রেডিওহেড ব্যান্ডের গায়ক থম ইয়র্ক।
বাঘেরিয়া সিটির এক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে ভিলার সামনের পুরো চত্বর যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
বাঘেরিয়ার মেয়র ফিলিপ্পো ত্রিপোলি এএফপিকে বলেন, ‘সব ধরনের গণমাধ্যম এসেছে। বিদেশি সংবাদমাধ্যম, ইতালীয় সংবাদমাধ্যম—অনেক সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন।’
তিনি জানান, অনুষ্ঠানের জন্য স্থানীয় রাঁধুনি ও ফুলসজ্জাশিল্পীদের নিয়োগ দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সূত্র জানিয়েছে, পালেরমোর অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের গোপনীয়তা চুক্তিতে সই করতে বলা হয়েছে। তবে বাঘেরিয়ার আয়োজনে এমন কোনো শর্ত নেই।
এদিকে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৯০ মিটার দীর্ঘ বিলাসবহুল ইয়ট ‘নেরো’ ইতোমধ্যে পালেরমো বন্দরে এসে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, অতিথিদের পালেরমো থেকে বাঘেরিয়ায় নিতে এটি ব্যবহার করা হতে পারে।
মেয়র ত্রিপোলি অবশ্য অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।
দুয়া লিপাকে নিয়ে তিনি বলেন, ‘তিনি একজন আন্তর্জাতিক তারকা। কেউ কেউ তাকে নতুন ম্যাডোনা আখ্যা দিয়েছেন। হয়তো এমনটা বলার সময় এখনো আসেনি, তবে তিনি নিঃসন্দেহে অসাধারণ।’

