চোট ছাড়াই প্রস্তুতি ম্যাচ শেষ, সন্তুষ্ট স্পেন কোচ

বিশ্বকাপের আগে শেষ ঘরের মাঠের প্রস্তুতি ম্যাচে জয় না পেলেও বড় একটি স্বস্তি পেয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচে কোনো খেলোয়াড় চোটে না পড়ায় এবং একঝাঁক তরুণকে অভিষেক করাতে পেরে সন্তুষ্ট তিনি।

বৃহস্পতিবার লা করুনিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বেশ পরীক্ষামূলক একাদশ নামিয়েছিল স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের অনেক নিয়মিত তারকাই বিশ্রামে ছিলেন। ফলে ফলাফলের চেয়ে খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও নতুনদের সুযোগ দেওয়াই ছিল কোচের প্রধান লক্ষ্য।

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ‘আজকের ম্যাচটা ছিল অনুভূতি যাচাই করা এবং অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো চোট হয়নি। এখন আমরা আরও বেশি তীব্রতার একটি নতুন পর্যায়ে প্রবেশ করছি। আগামীকাল আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি, আর সেটাই আমাদের মনোযোগকে ঠিক জায়গায় নিয়ে যাবে।’

বিশ্বকাপ চলাকালে টেনেসির চাটানুগায় অবস্থান করবে স্পেন। তার আগে সোমবার মেক্সিকোর পুয়েবলায় পেরুর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ইরাকের বিপক্ষে ম্যাচে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, ডেভিড রায়া, ভিক্টর মুনিওস, মার্ক কুকুরেয়া, পেদ্রি, ফাবিয়ান রুইস, মার্তিন সুবিমেন্দি, রদ্রি এবং মিকেল ওইয়ারসাবালসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়।

অন্যদিকে মার্ক বেরনাল, হোন মার্তিন, গনসালো, তুরিয়েন্তেস, হাভি গেরা, মার্ক পুবিল, হাভি রদ্রিগেস এবং লেও রোমান জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পান।

দে লা ফুয়েন্তে বলেন, ‘তারা সবাই এই সুযোগের যোগ্য ছিল। ম্যাচটি আমাদের এমন কিছু খেলোয়াড়কে অভিষেক করানোর সুযোগ দিয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল। তারা আমাদের অনেক সাহায্য করেছে।’

৬৪ বছর বয়সী এই কোচের বিশ্বাস, ভবিষ্যতে এই তরুণদের আরও অনেকবার স্পেনের জার্সিতে দেখা যাবে।

এদিকে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে। তবে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের ফিটনেস নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে এপ্রিলেই মৌসুম শেষ হয়ে যায় ইয়ামালের। যদিও স্পেন কোচ আশাবাদী যে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সময়মতো সুস্থ হয়ে উঠবেন।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে সে ১৫ জুনের ম্যাচের জন্য প্রস্তুত হতে পারে। সবকিছুই ভালোভাবে এগোচ্ছে, তবে মাঝেমধ্যে কিছু বিষয় সাময়িকভাবে থামিয়ে রাখতে হতে পারে।’ 

Related Articles

Latest Posts