টাঙ্গাইলে পূর্ববিরোধের জেরে ২ গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কালাম তালুকদার (৬৫) জগতপুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল দোকানের বাসি খাবারকে কেন্দ্র করে গোলপেঁচা এবং জগতপুরা গ্রামে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকেলে ২ গ্রামের বাসিন্দারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলপেঁচা গ্রামে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. ফাতেমা কালাম তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় প্রায় ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

