হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।
জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির প্রথম ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেরত আসা হাজিদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানির বোতল উপহার দেওয়া হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইনসের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে।
৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিতব্য হজ-পরবর্তী কার্যক্রমের আওতায় ১০৬টি ফ্লাইটে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিমান জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস হিসেবে হজ ফেরত কার্যক্রম চলাকালে পেশাদারিত্ব, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

