পেশাদার ফুটবলে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় কাটানো ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন অবসর নিয়ে তার ভাবনা। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা আগামী বছরই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন।
স্পোর্তিং লিসবনের হয়ে ২০০২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস ঘুরে বর্তমানে খেলছেন আল নাসরের হয়ে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ঝুলিতে আছে বহু শিরোপা। পাশাপাশি অনেক ব্যক্তিগত অর্জনের গর্বিত মালিক তিনি।
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যেতে চান এবং ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পর্তুগাল। এরপর গুঞ্জন উঠলেও অবসর নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
তবে এখন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে শুরু করেছেন রোনালদো। রোববার লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘হয়তো এটাই ফুটবলে আমার শেষ বছর (মৌসুম) এবং আমি এক অসাধারণ লেগ্যাসি রেখে যেতে চাই।’
পাঁচবারের ব্যালন দি’অর জয়ী এই তারকার অর্জনের খাতায় শূন্য রয়ে গেছে বিশ্বকাপটি। যৌথভাবে রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশ নিলেও ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি তার অধরাই থেকে গেছে তার। তবে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটছেন। ক্লাব ও দেশের হয়ে ইতোমধ্যে ৯৭৬টি গোল করেছেন তিনি।
সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রোনালদো। পর্তুগালে গত মঙ্গলবার ১০ বছরের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেন তিনি। পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুম কাটাতে থাকা রোনালদো জানিয়েছেন, অবসরের পর অনেক কিছু করতে চান, ‘নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু করার আছে যে, আমি শুধু একটি বেছে নিতে পারব না। কারণ, ফুটবল (থেকে অবসর নেওয়া) বিশাল শূন্যতা তৈরি করতে পারে। তাই কেবল একটি দিয়ে নয়, বরং বিভিন্ন বিষয় দিয়ে তা পূরণ করতে হবে।’
তিনি যোগ করেছেন, ‘এটা হবে আরও উপভোগ্য। আরও বেশি ভ্রমণ করা। প্যাডেল খেলা ও দেখা, যা আমি সত্যিই উপভোগ করি এবং আমি যা অর্জন করেছি বা আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করা চালিয়ে যাওয়া। কারণ, সব মিলিয়ে এই ২৫ বছর খুবই কঠিন ছিল।’
২০২৭ সালের জুনে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে। তখন তার বয়স বেড়ে হবে ৪২ বছর।

