পোশাক খাতে অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিক দায়ী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে পোশাক কারখানার মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক ও সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত কিছু দিন যাবত একটি পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’
তিনি জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণে গতকাল বোর্ড গঠিত হয়েছে এবং আজই বোর্ডের প্রথম সভা হতে পারে।
‘অথবা সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন, আলাপ-আলোচনা হবে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যথাসম্ভব তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে ঘোষণা হতে পারে,’ বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন সময় শেষ হওয়ার আগেই ডিসেম্বরের মধ্যে বোর্ড সদস্যরা সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম মজুরি ঠিক করতে পারবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয়, তাদের জীবনমানের উন্নতি হয় এবং তাদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির ন্যূনতম মজুরি নির্ধারিত হয়।
সালাহউদ্দিন বলেন, ‘আলাপ-আলোচনার পর বাস্তবতার নিরিখে সেটা নির্ধারিত হবে, এখানে অসন্তোষের কিছু নাই।’
তিনি বলেন, ‘যে সমস্ত সহিংস ঘটনা বিগত কয়েক দিনে সংঘটিত হয়েছে, কয়েক সপ্তাহ যাবত সংঘটিত করার চেষ্টা করছে…সড়ক-মহাসড়ক অবরোধ করে, আগুন জ্বালিয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা যারা করছে—তাদের পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তারা চিহ্নিত হয়েছে।’
‘দুঃখজনক হলেও কিছু শিল্প মালিক, মিল মালিকরা এখানে জড়িত আছেন এবং কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে…যারা শ্রমিকদের কল্যাণ চায় কি না সেটা প্রশ্নবিদ্ধ; সে সমস্ত কিছু লোকজন এই অস্থিরতা সৃষ্টি করেছে। সহিংসতা সৃষ্টি করেছে। রাস্তায় আন্দোলনের নামে তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে, যেটা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে না,’ যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ‘আমরা অত্যন্ত কঠোর ভাষায় বলে দিতে চাই, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
‘আমরা গতকালকেই সে রকম কিছু ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের সেই সমস্ত কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ এবং কিছু কিছু প্রমাণ আমরা সংগ্রহ করেছি। অডিও আছে, ভিডিও আছে এবং বিভিন্ন সহিংস ঘটনার সচিত্র ভিডিও ক্লিপ আছে,’ বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকার শিল্পবান্ধব ও বিনিয়োগ-বাণিজ্যবান্ধব সরকার। রপ্তানি বৃদ্ধি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা সব পদক্ষেপ নেব। পাশাপাশি সরকার কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ গ্রহণ করবে।’
এ সময় সবার সহযোগিতায় কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন জানান, পোশাক খাতে শৃঙ্খলা ফেরাতে বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন।

