ফেনীর সোনাগাজীতে মাত্র ৪০ সেকেন্ডের টর্নেডোতে ২০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া উপড়ে গেছে শতাধিক গাছপালা ও চারটি বিদ্যুতের খুঁটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি পরিবার।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডোটি আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এই টর্নেডো চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। ভেঙে যায় শতাধিক গাছপালা। পাশাপাশি ছোট-বড় প্রায় ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে।
স্থানীয় বাসিন্দা সত্তরোর্ধ্ব আলিম উদ্দিন বলেন, ‘আমার ৭০ বছরের জীবনে এমন ভয়াবহ টর্নেডো কখনো দেখিনি। চোখের পলকেই যেন কেয়ামত নেমে এসেছিল।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহমুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা ডেইলি স্টারকে বলেন, টর্নেডোর আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। জেলা সদরে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। তবে দ্রুতই ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

