প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
রাশেদ খাঁনকে চুক্তিতে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) রাশেদ খাঁন এই পদে দায়িত্ব পালন করবেন।
রাশেদ খাঁন ২০১৮ সালের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ওই আন্দোলনের পর গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

