বয়স মাত্র ১৫ বছর পেরিয়েছে। অথচ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো মঞ্চ আইপিএলে তিনি যেভাবে বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছেন, তাতে বিস্মিত খোদ ক্রিকেট পণ্ডিতরা। আইপিএল ২০২৬-এর এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ার ২-এ তুলেছেন বৈভব সূর্যবংশী। আর এই অতিমানবীয় পারফরম্যান্সের পরই ১৫ বছর বয়সী এই ব্যাটিং বিস্ময়কে সরাসরি ভারতের জাতীয় দলে দেখার জোরালো দাবি তুলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কিংবদন্তি এই ওপেনারের মতে, বৈভবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার যোগ্যতা এখনই তৈরি হয়ে গেছে এবং আসন্ন ইংল্যান্ড সফরের দলেই তাকে রাখা উচিত। ইউটিউব শো ‘স্পোর্টস তাক’-এ বৈভবের ভূয়সী প্রশংসা করে গাভাস্কার প্রশ্ন তোলেন, ‘এই পারফরম্যান্সের পরেও যদি আপনি তাকে সুযোগ না দেন, তবে কখন দেবেন?’
গাভাস্কার জোর দিয়ে বলেন যে, এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ২০২৬ সালটি ‘বৈভব সূর্যবংশীর বছর’ হিসেবেই ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচকদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, বয়সকে যেন এখানে কোনোভাবেই প্রতিবন্ধকতা হিসেবে দেখা না হয়।
সাবেক এই ভারত অধিনায়ক বলেন, ‘তার বয়সের দিকে তাকাবেন না। সে এমন সব বোলারদের পিটাচ্ছে যারা তাঁর চেয়ে বয়সে বড়। প্রকৃতপক্ষে, ১৫ বছর বয়সে সে এমন বোলারদের পিটাচ্ছে যাদের ১৫ বছরের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে। শুধু তাঁর নির্ভীক মানসিকতা দেখুন।’
চলতি মৌসুমে বৈভবের ব্যাট যেন এক রুদ্রমূর্তি ধারণ করেছে। ক্রিস গেইলের এক মরশুমে ৫৯টি ছক্কার ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিমধ্যে ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন এই কিশোর। তার এমন ব্যাটিং তাণ্ডবের প্রশংসা করলেও ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়া অবশ্য এখনই তাকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কিছুটা সতর্ক।
স্টার স্পোর্টসে আকাশ চোপড়া বলেন, বৈভব নিঃসন্দেহে এক ‘বিশেষ’ প্রতিভা, তবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মতো টপ পারফর্মাররা দলে থিতু আছেন। তাই কেবল আবেগের বশে দলে পরিবর্তন না এনে বৈভবকে আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
তবে দ্বিমত যাই থাকুক না কেন, গাভাস্কারের এই একটি প্রশ্ন—’এখন না হলে আর কবে?’—ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের যে দারুণ এক মধুর সমস্যায় ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য। শুক্রবার নিউ চণ্ডীগড়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ ম্যাচে মাঠে নামবেন বৈভব। সেখানেও যদি তার এই রুদ্ররূপ বজায় থাকে, তবে গাভাস্কারের এই দাবির প্রতিধ্বনি যে আরও তীব্র হবে, তা নিশ্চিত।

