সরকারের বিভিন্ন কার্যক্রম তদন্তে ন্যায়পাল নিয়োগ কেন নয়, হাইকোর্টের রুল

সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য কেন ন্যায়পাল নিয়োগের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট পিটিশন দায়ের করেন।

আইনজীবী ইশরাত হাসান বলেন, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি, প্রশাসনিক অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবাদানে দেরি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অগণিত অভিযোগের কার্যকর নিষ্পত্তির জন্য এখনো কোনো স্বাধীন ন্যায়পাল ব্যবস্থা নেই। এ কারণে সাধারণ নাগরিকেরা কার্যকর প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

রিট আবেদনে বলা হয়, সংবিধানে ন্যায়পাল নিয়োগের বাধ্যবাধকতা এবং ১৯৮০ সালে এ সংক্রান্ত একটি পৃথক আইন প্রণয়ন হওয়া সত্ত্বেও, স্বাধীনতার ৫ দশক পেরিয়ে গেলেও রাষ্ট্র ন্যায়পাল প্রতিষ্ঠা ও কার্যকর করতে ব্যর্থ হয়েছে।

দীর্ঘদিনের এ ধরনের নিষ্ক্রিয়তা সাংবিধানিক ম্যান্ডেট বা নির্দেশনা, সুশাসনের মূলনীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করা হয় এতে।

Related Articles

Latest Posts